নতুন বাংলা অনলাইন ডেস্ক :
স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর তিনি তাঁর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের জিয়ার সমাধিস্থলে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়ার সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর সর্বশেষ বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
স্বদেশে ফেরার দিন রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং পরে গুলশানের বাসভবনে অবস্থান নেন।