স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব এলাকায় ময়লা সংগ্রহ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ডের পাগাড় সোসাইটি মাঠ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল সাত্তার (৪৫) সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার কাজে নিয়োজিত। তিনি অভিযোগ করেন, একই এলাকার মনির মন্ডল (৩৫) ও মোছওয়ালা ফারুক (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন কয়েকদিন ধরে তার ও সহকর্মীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল বিকাল ৪টার দিকে ময়লার গাড়ি নিয়ে কাজে বের হলে অভিযুক্তরা তাদের কাজে বাধা দেয় এবং চাঁদা না দিলে এলাকায় ময়লা পরিষ্কার করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এক পর্যায়ে তারা ময়লার গাড়ি আটকে দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। এতে করে সংশ্লিষ্ট শ্রমিকরা নিয়মিত কাজ করতে না পেরে ভোগান্তিতে পড়েন এবং এলাকায় ময়লা জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে ৪৩ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় এ বিষয়টি অবগত করেন।
পাশাপাশি তারা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ গাড়ি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় ময়লা সংগ্রহ কার্যক্রম চালু করেন।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, একটি মহল ইচ্ছাকৃতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর কিছু ব্যক্তি বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে নিজেদের সংগঠনের পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।এ বিষয়ে সচেতন নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।