স্টাফ রিপোর্টার :
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হওয়া এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই গণমিছিল রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো মিছিলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সংক্ষিপ্ত সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ টানা ১৬ বছর ধরে অপেক্ষা করেছে এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছে। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে একটি পক্ষ অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রনি আরও বলেন, গাজীপুরের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে গাজীপুরবাসী আগের মতোই বিপুল ভোটে বিজয়ী করবে।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।