গাজীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর আশরাফ সেতুর সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে সবাই একত্রিত হয়ে গণমিছিলটি টঙ্গী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরে গিয়ে প্রচারণা শেষ করেন।
ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিপুল জনসমাগমে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত এবং এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ ঐক্যবদ্ধ। তিনি নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
রনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আওতায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালু, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের জন্য আবাসন, ভূমিহীনদের বাসস্থান, মেট্রোরেল সম্প্রসারণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও যানজট নিরসনের পরিকল্পনার কথা তুলে ধরেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টঙ্গীতে এই বিশাল গণমিছিল বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের স্পষ্ট বার্তা বহন করছে এবং গাজীপুর-২ আসনে আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।