স্টাফ রিপোর্টার :
টঙ্গীতে একটি বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আশিকুল ইসলাম পাভেল (৪৫)। তিনি নূরুল ইসলামের ছেলে। কয়েকদিন ধরে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে তালাবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।