নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক তরুণ সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে অনলাইনভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।
এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে এভাবে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা দেশের সাংবাদিক সমাজকে নাড়া দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দ্বীন ইসলাম তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। এ কারণে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
নিরাপত্তাজনিত কারণে তিনি কিছুদিন কুমিল্লা শহরে অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে ফেরার পর তিনি হামলার শিকার হন বলে জানা গেছে।
বিএমএসএফ নেতারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পাশাপাশি প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, নিহত সাংবাদিক মৃত্যুর আগে তিনি তার ফেসবুক লাইভে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কয়েকজনের নাম উল্লেখ করে লাইভ করে গেছেন। এবং তাকে যে মারার ষড়যন্ত্র চলছে তিনি অনুমান করতে পেরেছিলেন।