গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় টঙ্গীবাজারের হোন্ডা রোড এলাকায় সেনা কল্যাণ ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, একটি মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার রতন (৩০), রংপুরের পীরগঞ্জ থানার সামিউল (৩৮), গাজীপুরের বাসন থানার সাগর (৩৭) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নুরুল ইসলাম (৩৫)। তারা কোনাবাড়ি ও বাসন এলাকায় ভাড়া বাসায় থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে অটোরিকশা ভাড়া করে তারা টঙ্গীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে টঙ্গী বাজার এলাকায় পৌঁছে ধারালো চাকু দেখিয়ে চালক রাজুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে চেতনা নাশক প্রয়োগ করে তাকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক এহতেশাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।